দেশটাজুড়ে ভোট এল,
নতুন নতুন জোট এল
জোটের সাথে তাল মেলাতে
কেউ-বা মনে চোট পেল।
ভোটের হাওয়া শহর-গাঁয়,
শীতের বুড়ি ভয় দেখায়;
তারি মাঝেই গরমাগরম—
রাত্রি কী দিন বোঝাই দায়।
কত মুখের পাই হদিস
খাটছে তারা অহর্নিশ;
খালি পকেট ভরতে আবার
নগদ কিছু পাচ্ছে ফিস।
খাটতে কারো বারণ নাই,
আমজনতা কেবল চাই—
ভোটের মাঠে হাঙ্গামা নয়,
সবাই যেন স্বস্তি পাই।
ভালো মানুষ সুযোগ পাক,
মামদোবাজি নিপাত যাক;
উন্নয়নের সচল ধারা
চিরটা কাল অটুট থাক।
