সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২১:৫০

 

বিএফএ জেলা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন

নওগাঁ প্রতিনিধি বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচনে শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় রেজাউল করিম সভাপতি ও রেজাউল হাসানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শহরের সরিষাহাটির মোড়ে অস্থায়ী কার্যালয়ে নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মো. আলমগীর এ কমিটি ঘোষণা করেন। কার্যকরী কমিটির সদস্যরা হলেন সহসভাপতি রফিকুল ইসলাম, দীপক কুমার সরকার, আনোয়ার হোসেন মণ্ডল, মিজানুর রহমান ও  আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস ও মকবুল হোসেন, কোষাধ্যক্ষ নিশিত রঞ্জন শীল প্রমুখ।

পল্লি চিকিত্সক সমাবেশ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রামের বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার পল্লি চিকিত্সক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিববর্ষে স্বাস্থ্যখাত, এগিয়ে যাবে অনেক ধাপ’—প্রতিপাদ্যে দিনব্যাপী হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পরিতোষ কুমার রায়।

‘মণিপুরি মুসলিম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এবং জীবনমান নিয়ে লেখা ‘মণিপুরি মুসলিম’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জের আদমপুরে মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মণিপুরি মুসলিম সম্প্রদায়ের সন্তান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব নুরুল ইসলামের সভাপতিত্বে ও হুমায়ূন রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।

পীরগাছায় বর্ণিল আলোকসজ্জা

পীরগাছা (রংপুর) সংবাদদাতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে পীরগাছা উপজেলা বর্ণিল আলোকসজ্জায় সেজেছে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও সড়কে জ্বলছে নানা রঙের বাতি। বিভিন্ন ভবনও জ্বলজ্বল করছে বর্ণিল আলোকসজ্জায়। নির্মাণ করা হয়েছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে প্রায় অর্ধশতাধিক তোরণও।

আন্তর্জাতিক নদী দিবসে সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রায়গঞ্জে আন্তর্জাতিক নদী দিবসে  শনিবার স্বেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্ত জীবনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সীমাবাড়ি চান্দাইকোনার সানরাইজ একাডেমির হলরুমে সংগঠনের সভাপতি সাংবাদিক দীপক কুমার করের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল ইসলাম।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঐ শাখার সভাপতি আব্দুর রহমান আরমান। সাধারণ সম্পাদক রফিক সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নদীবন্ধু আশরাফুল আলম আইয়ুব, বিল্লাল হোসেন প্রমুখ।

যুবদলের কর্মী সমাবেশ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে শুক্রবার সন্ধ্যায় উপজেলা ও পৌর শাখার যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মধুখালী প্রেসক্লাব চত্বরে ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন রাজিবের সভাপতিত্বে ও ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী।

রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ইউনিয়ন পর্যায়ে মুজিববর্ষ পালন উপলক্ষ্যে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। বাশাইল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ শিকদারের সভাপতিত্বে সভায় বিস্তারিত আলোচনা হয়।

শিবপুরে ট্রাক উঠল ব্রিজের রেলিংয়ে, চালকসহ আহত চার

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা  ঢাকা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার কলেজ গেইট বাঁশ বাজারের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। শনিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। এতে চালকসহ চার জন আহত হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, ট্রাকটি থানায় জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

কৃতী শিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার নগর শ্রীরামপুর গ্রামে শনিবার কৃতী শিক্ষার্থী ও অভিভাবক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডা. এস আজিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের সাবেক অধ্যক্ষ গাজী শহর আলী, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি মাও. বোরহান উদ্দীন প্রমুখ।

শহর পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি

মাগুরা প্রতিনিধি মাগুরায় মুজিববর্ষ উপলক্ষ্যে শনিবার মাগুরা শহর পরিষ্কার ও পরিচ্ছন্ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শহরের চৌরঙ্গীমোড়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

একদিনে দুই বাল্যবিবাহ বন্ধ

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা সখীপুরে শুক্রবার রাতে দুই বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাল্যবিবাহ দুটি বন্ধ করেন। এ সময় দুই অভিভাবককে জরিমানা করা হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুটি এলাকায় বাল্যবিবাহ বন্ধ করার জন্য অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিবাহের আয়োজন করায় দুই অভিভাবকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক সভা

দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার দিরাইয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের ট্রেনিং সেন্টারে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান।

বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা মোহনগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ে শনিবার বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুর রহমান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোনায়েম হুসেন ঠাকুর এতে সভাপতিত্ব করেন।