করোনা ভাইরাসে দেশে আরো দুই জন আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা নতুন করে আরো দুই জন করোনা ভাইরাস রোগীর সন্ধান পেয়েছি। ইতালি ও জার্মানি থেকে আগত তারা উভয়েই সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন।’
এর আগে বাংলাদেশে যে তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তারা সবাই এখন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা। গতকাল নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘তাদের মধ্যে দুই জন আগেই সুস্থ হয়েছেন। এক জন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। আরেক জন সুস্থ হলেও হাসপাতাল ছেড়ে যাননি। অপর জনের প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী তাকে দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে।’
ডা. মীরজাদী আরো বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি?। এখন পর্যন্ত ৯ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। এছাড়া চার জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা আছে। এদিকে করোনা প্রতিরোধের অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠা বন্ধ রাখা প্রসঙ্গে সেব্রিনা ফ্লোরা বলেন, স্কুলকলেজ বন্ধ করার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি।
ইতালিফেরত ১৪২ বাংলাদেশি হজ ক্যাম্পে
ইতালি থেকে ১৪২ বাংলাদেশি এমিরেটসের একটি ফ্লাইটে গতকাল সকালে ঢাকায় এলে শাহজালাল বিমানবন্দর থেকে তাদের সরাসরি নেওয়া হয় আশকোনার হজ ক্যাম্পে। সেখানে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। কারো মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। বাংলাদেশে যে তিন জনের দেহে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, তাদের দুই জনই এসেছিলেন ইতালি থেকে। ইতালি থেকে আসা আরো অনেককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিমানবন্দরে নামার পর পুলিশ পাহারায় বিআরটিসির কয়েকটি বাসে ১৪২ জনকে হজ ক্যাম্পে নেওয়া হয়। সেখানে তাদের স্বজনরাও ভিড় জমান। কোয়ারেন্টাইনে রাখা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তারা। ইতালিফেরত বাংলাদেশি ও তাদের স্বজনদের কথা কাটাকাটি ও হট্টগোলের ঘটনা ঘটেছে। তারা অভিযোগ করেন, হজ ক্যাম্পে আনার পর তাদের নিয়ে কর্তৃপক্ষ কী করতে চায়, তা বলছে না। শুধু পানি ছাড়া তারা কোনো খাবার পাচ্ছেন না। তারা আরো অভিযোগ করেন, বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে চান তারা। বিমানবন্দর থেকে হজ ক্যাম্পে নেওয়া হলে পুলিশকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বেশকিছু প্রবাসী।
এক প্রত্যক্ষদর্শী জানান, হজ ক্যাম্পের প্রধান গেটে এসে বিক্ষোভ ও গেট ধাক্কাধাক্কি করে বের হওয়ার চেষ্টা করেন অনেক প্রবাসী। এসময় তারা প্রশাসনের অবহেলার বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভ শুরুর ১০ মিনিটের মধ্যেই প্রবাসীদের সেখান থেকে সরিয়ে নেয় পুলিশ। ইতালিফেরত এক বাংলাদেশি আশকোনা হজ ক্যাম্পে গেটে দাঁড়িয়ে বিক্ষোভস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, তাদের রোমে পরীক্ষা করা হয়েছে, দুবাইয়ে আরেক দফা পরীক্ষা করা হয়েছে; কিন্তু সেখানে করোনা ভাইরাসের কোনো আলামত পাওয়া যায়নি। বাংলাদেশে আসার পর এখন এখানে রাখা হয়েছে; কিন্তু এখনো কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। তিনি বলেন, এখানে তারা অমানবিক অবস্থার মধ্যে আছেন। শিশুরা আছে; কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না। অপরদিকে প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করলেও প্রিয়জন দেশে ফিরেছে তাই স্বস্তি প্রকাশ করেছে তাদের স্বজনরা।
এ প্রসঙ্গে আইইডিসিআর পরিচালক বলেন, ইতালির বিভিন্ন জায়গা থেকে দেশে ফেরা ১৪২ জন বর্তমানে হাজী ক্যাম্পে অবস্থান করছেন। তাদের প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তা বলে বিস্তারিত জেনে ও দরকারি পরীক্ষানিরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী যা বললেন
দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাকেও বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করা হবে। নির্দেশ অমান্যকারীর জন্য জেল-জরিমানার হুমকিও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতালিফেরত বাংলাদেশিদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের মধ্যে সংক্রমণের কোনো ঝুঁকি দেখা না গেলে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইতালিতে যেহেতু বেশি ছড়িয়েছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেখান থেকে যারাই আসবে তারা কোয়ারেন্টাইনে থাকবে। প্রথমে তারা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকবে, পরে হোম কোয়ারেন্টাইনে থাকবে। ইতালি থেকে আরো বাংলাদেশি আসছে বলে দেশে সংক্রমণের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। ইতালি থেকে এসে যারা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন, তাদের ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শনিবার রাতে আরো ৩০ থেকে ৫০ জনের ফেরার কথা রয়েছে। রবিবার আরো ফিরবেন ১৫০ জন।
হজ ক্যাম্পে সেনা মোতায়েন
এদিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে ইতালিফেরত যাত্রীদের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে সেখানে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এক খুদেবার্তায় আইএসপিআর থেকে জানানো হয়, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে আশকোনা হজ ক্যাম্পে ইতালিফেরত যাত্রীদের একসেস কন্ট্রোল ও নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’
আজ রাত থেকে ইউরোপে যাতায়াত বন্ধ
করোনা ভাইরাস নিয়ে সারাবিশ্বে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে আজ রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপ ও অস্বাভাবিকভাবে আক্রান্ত দেশগুলো থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত যাত্রীবাহী বিমান আসা-যাওয়া বন্ধ ঘোষণা করেছে সরকার। একইসঙ্গে এ সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্যও প্রযোজ্য হবে। পাশাপাশি এই সময়কালে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্তও নিয়েছে সরকার।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও কথা বলেন।
করোনা ভাইরাসের বিশেষ পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যেসব দেশ আমাদের দেশ থেকে যাতায়াত বন্ধ করেছে আমরা তাদের জন্য একই ব্যবস্থা নিয়েছি। দেশগুলোর মধ্যে নেপাল, সৌদি, কাতার, কুয়েতসহ অন্যান্য দেশ রয়েছে। আর কেবল যুক্তরাজ্য থেকে যাত্রীরা আসা যাওয়া করতে পারবেন বলে মন্ত্রী জানান।
