মাইক্রোসফটের বোর্ড থেকে পদত্যাগ করলেন বিল গেটস

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২২:২২

বিশ্বের খ্যাতিমান প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সংস্থাটি সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। আগামী দিনে মানবসেবামূলক কাজে সময় দিতেই তিনি পদত্যাগ করেছেন বলে মাইক্রোসফট জানিয়েছে। তবে মাইক্রোসফেটর প্রযুক্তি উপদেষ্টা হিসেবে বিল কাজ করবেন বলে এর প্রধান নির্বাহী জানিয়েছেন। খবর বিবিসি ও ডয়চেভেলের

৬৫ বছর বয়সি বিল গেটস আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের বার্কশায়ার হ্যাথওয়ের বোর্ড থেকেও সরে দাঁড়িয়েছেন। বোর্ড থেকে পদত্যাগের কথা জানিয়ে বিল গেটস বলেছেন, বৈশ্বিক স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা এবং জলবায়ু পরিবর্তন ঠেকানোর কাজে আরো বেশি মন দিতে চান তিনি। তবে মাইক্রোসফট সবসময় তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। উল্লেখ্য, ২০০৮ সালের শুরুতে মাইক্রোসফটের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে শুরু করেন গেটস। টানা ১৩ বছর বিশ্বের শীর্ষ ধনী ছিলেন তিনি। পৃথিবীর শীর্ষ ধনীর ফোর্বসের তালিকায় দ্বিতীয় স্থানে বিল গেটস। তার মোট সম্পদ ১০ হাজার ৩৬০ কোটি ডলারের।

সংস্থাটির পক্ষে এক বিজ্ঞপ্তিতে মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানিয়েছেন, ‘এতো বছর ধরে বিলের সান্নিধ্যে থাকা এবং তার থেকে বহু বিষয়ে শিক্ষা পাওয়ার যে অভিজ্ঞতা তা আমার কাছে এক বিশাল বড়ো পাওনা এবং নিঃসন্দেহে গর্বের। বিল এই সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন একটা বিশ্বাস নিয়ে। উনি আস্থা রেখেছিলেন সফ্টওয়্যারের ডেমোক্রেটাইজিং ক্ষমতার উপরে। চেয়েছিলেন সমাজের কিছু সমস্যার সমাধান করতে। তার এই ভাবনাই মাইক্রোসফ্ট এবং এই দুনিয়াকে আরো সুন্দর করে তুলেছে। তার বন্ধুত্বের জন্য আমি কৃতজ্ঞ। আগামীদিনেও তাকে পাশে নিয়েই কাজ করবো। সব পদ থেকে পদত্যাগ করলেও আগামীদিনে মাইক্রোসফে্টর প্রযুক্তি উপদেষ্টা হিসেবে সংস্থার সঙ্গে থাকবেন তিনি’।