বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এছাড়া সহোদর ও শিক্ষকসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো আট জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
ফকিরহাট (বাগেরহাট) : ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ পাঁচ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। গতকাল খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নিহতদের মধ্যে মাদারীপুরের সেনেরপাড় গ্রামের লেয়াকত শিকদারে শিশু কন্যা লাফিজা আক্তার (৫) ও ইস্পানি ব্যাংক ঢাকা শাখার ইঞ্জিনিয়ার আব্বাস উদ্দিন (৪৫)। বাকিদের পরিচয় জানা যায়নি। ত্রিশাল (ময়মনসিংহ): এশা নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাস চাপায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কানহর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বৈলর পশ্চিম পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রহিম (৭৫) ও তার ভাই ব্যাংক কর্মকর্তা আব্দুল মজিদ (৫৫)।ভাঙ্গুড়া (পাবনা): ভাঙ্গুড়ায় গতকাল অটোরিকশা চাপায় উপজেলার ঝিনাইগাড়ীর কলকতি গ্রামের রেজাউল করিম সরদারের পুত্র ফরহাদ হোসেন (৭) এবং শুক্রবার মল্লিকচক গ্রামে ট্রাকের ধাক্কায় উপজেলার রুপসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোটরসাইকেল আরোহী জহুরুল ইসলাম নিহত হন।
গাইবান্ধা: পলাশবাড়ীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি চাপায় সেকেন্দার আলী (৫৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের উপজেলা পৌর শহরের কালুগাড়ী পানহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেকেন্দার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা।
চন্দনাইশ (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেটের পাশে গতকাল মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নুরুল আলম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ গাছবাড়িয়ার পায়রা মার্কেট এলাকার বাসিন্দা।
ফুলপুর (ময়মনসিংহ): ফুলপুর উপজেলার কাড়াহা নামকস্থানে গতকাল চিকিত্সা শেষে ছেলের সঙ্গে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মনোয়ারা খাতুন (৫৫) নিহত হন। তিনি হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।
সাতক্ষীরা: ভোমরা স্থলবন্দরে গতকাল ট্রাকের ধাক্কায় সাবিত্রী রানী দাস (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের দুর্গা পদ দাসের মেয়ে।
