গাজীপুরে ট্রাফিক পুলিশকে থাপ্পড় দিয়ে যুব মহিলা লীগ নেত্রী আটক

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২২:২৪

পুলিশ কনস্টেবলকে থাপ্পড় মারার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর রুহুন নেছা রুনুকে আটক করেছে পুলিশ। ট্রাফিক আইন অমান্যকে কেন্দ্র করে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটেছে নগরীর চান্দনা চৌরাস্তায়। রুনু গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত (৩১, ৩২, ৩৩) ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম জানান, কাউন্সিলর রুহুন নেছা রুনু গতকাল দুপুর দেড়টার দিকে ট্রাফিক নির্দেশনা না মেনে চান্দনা চৌরাস্তায় উলটো পথে নিজেই গাড়ি চালাচ্ছিলেন। এ সময় কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ আশিকুর রহমান ও হাসানুজ্জামান বাধা দিলে তিনি গাড়ি থেকে নেমে অশ্লীল গালাগাল শুরু করেন। এক পর্যায়ে দুই পুলিশ সদস্যকে থাপ্পড় মারেন। ঘটনার পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়। পরে গাড়িসহ ঐ নেত্রীকে চান্দনা চৌরাস্তা পুলিশ বক্সে নেওয়া হয়। বেলা ২টার দিকে তাকে বাসন থানায় সোপর্দ করা হয়।

বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী জানান, বিআরটি কাজের জন্য কয়েক দিন ধরে চান্দনা চৌরাস্তার জাগ্রত চৌরাঙ্গী দিয়ে ইউটার্ন রশি দিয়ে             বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট এড়াতে গাড়ি নগপাড়া বিআরটিসি ডিপো হয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কাউন্সিলর রুনু জোর করে রশি ভেদ করে যেতে চাইলে ট্রাফিক পুলিশ বাধা দেয়। এসময় ‘দুই টাকার পুলিশ তোদের আমরা পালি’ এসব বলে দায়িত্বপালনরত অবস্থায় দুই পুলিশ সদস্যকে থাপ্পড় পারেন যুব মহিলা লীগ নেত্রী কাউন্সিলর রুহুন নেছা। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও ইচ্ছকৃতভাবে আঘাত করার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়েছে।