রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকায় সড়কের পাশে একটি ঝোপের মধ্যে ১৪ বছর বয়সি এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঐ কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ধর্ষণের শিকার ঐ মেয়েটিকে গতকাল সকালে এক কিশোর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঐ কিশোর জানান, মেয়েটিসহ তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। রাত আড়াইটার দিকে স্থানীয় যুবক রাজুসহ তিন জন ঐ কিশোরীকে ডেকে নিয়ে যায়। এরপর তারা কাউলা এলাকায় একটি ঝোপের মধ্যে নিয়ে তাকে গণধর্ষণ করে। পরে ঐ কিশোরসহ অন্যরা মেয়েটিকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায় এবং পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ডিএমসির ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানান, শনিবার সকালে মেয়েটিকে আনার পর তার ফরেনসিক করানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সে গণধর্ষণের শিকার হয়েছে কিনা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। পুলিশ ধর্ষণকারীদের আটক করতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
