বিদ্যালয়ের মাঠের ওপর দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুত্ লাইন স্থাপনের প্রতিবাদে খুদে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিদ্যালয়ের শিক্ষা ও শিশুদের খেলাধুলার পরিবেশ সুরক্ষার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চক্রবর্তী জানিয়েছেন। গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নম্বর ভাদগ্রাম ইউনিয়নের ৭৩ নম্বর ঘুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জানা গেছে, বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। বিদ্যালয়ের খেলার মাঠ ও রাস্তার পাশে ইতিপূর্বে একটি খুঁটি স্থাপন করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে খুঁটি উত্তোলনে গ্রামবাসী চাঁদা তুলে বিদ্যুত্ অফিসে টাকাও জমা দিয়েছেন। সম্প্রতি ঢাকার ধামরাই থেকে বিদ্যুত্ লাইন মির্জাপুরে এসে যোগ হচ্ছে। মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া সড়কের ৭৩ নম্বর ঘুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং রাস্তার ওপর হাই বোল্টেজের লাইন ও খুঁটি স্থাপনের চেষ্টা করা হচ্ছে। মাঠ ও রাস্তার ওপর খুঁটি স্থাপন ও লাইন না নির্মাণের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শামীম আল মামুন উপজেলা নির্বাহী অফিসার ও পল্লী বিদ্যুত্ জোনাল অফিসে লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন। তার পরও কোনো কাজ না হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও খুদে শিক্ষার্থীরা গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
এ ব্যাপারে টাঙ্গাইল পল্লী বিদ্যুত্-১ মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
