চসিকে ভোটের দিন খোলা থাকবে অফিস, ভোট পেছাবে না ---------------- সিইসি

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২২:৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের দিন অফিস-আদালত ও কলকারখানা দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে এবং সীমিত আকারে যানবাহন চলাচল করবে। প্রচলিত নিয়মের বাইরে প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। গতকাল শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে চসিক নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সাংবাদিকদের এ তথ্য জানান।

সিইসি বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার দুর্যোগপূর্ণ অবস্থা ঘোষণা করেনি। ফলে নির্বাচন পেছানো হবে না। যদি জাতীয় দুর্যোগের মতো পরিস্থিতি সৃষ্টি হয় তখন বিবেচনা করা হবে। ভোটের দিন যানবাহন চলাচল বন্ধ থাকলে দূর-দূরান্ত থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে পারেন না। সে কারণে আমরা চিন্তা করেছি, ভোটের দিন সীমিত আকারে যানবাহন চালু রাখব।

ম্যাজিস্ট্রেট-পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে সিইসি বলেন, যখন একজন এজেন্ট নির্বাচন কেন্দ্রে যাবেন, তার নিরাপত্তার দায়িত্ব আপনাদের নিতে হবে। কেন্দ্রে যেতে না দেওয়া কিংবা কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগগুলোর ক্ষেত্রে আমরা দেখি, অধিকাংশ কেন্দ্রে এজেন্টই যায়নি। কেন্দ্রে যদি এজেন্ট না যায়, তাহলে আপনাদের-আমাদের কিছু করার থাকে না। সিইসি বলেন, ইভিএমের মাধ্যমে একজন ভোটার কেবল একবার ভোট দিতে পারে। ইভিএমে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে সভায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।