প্রবিধান উপেক্ষা করে উপাধ্যক্ষ নিয়োগ!

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২২:৩১

চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা ও প্রবিধান উপেক্ষা করে একই কলেজের এক প্রভাষককে উপাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ অনিয়মের বিষয়ে দুই দফা চিঠি দেওয়া হলেও ব্যবস্থা না নেওয়ায় কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতিকে পরিবর্তন করে ঐ পদে কুমিল্লা জেলা প্রশাসককে নিয়োগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এদিকে উপাধ্যক্ষ পদে নিয়োগ নিয়ে অনিয়মের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের নিকট দাবি জানিয়েছেন।   

অভিযোগ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২২ জুন গুণবতী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঐ পদে একই কলেজের তিন জন শিক্ষকসহ ১২ জন প্রার্থী আবেদন করে।

উপাধ্যক্ষ মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান, ‘বর্তমানে আমি এ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পালন করছি। আমার নিয়োগে কোনো ব্যত্যয় ঘটেনি।’

গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ড. মো. মনিরুজ্জামান জানান, ‘এ কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আনোয়ার হোসেনকে পরিবর্তন করে কুমিল্লা জেলা প্রশাসককে ঐ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং উপাধ্যক্ষ পদে বিধিবহির্ভূতভাবে নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়কে অবহিত করার জন্য বলা হয়েছে।’ কলেজ গভর্নিং বডির সভাপতি ও কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, ‘বিষয়টির তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’