রৌমারী থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ১৪ মার্চ ২০২০, ২২:৩১

রৌমারী সীমান্ত এলাকা থেকে ইসমাইল হোসেন কালু (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। শুক্রবার রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫৪-এর কাছে এ ঘটনা ঘটে। কালু কালউত্তর কাউনিয়ারচর গ্রামে মৃত বেলাল হোসেনের ছেলে। সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, শুক্রবার বাংলাদেশি একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫৪-এর কাছে ছাটকরাইবাড়ি সীমান্তে ভারতের কাঁটাতারের ওপর দিয়ে গরু নামাতে যায়। এ সময় ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্য তাদের ধাওয়া করে। অন্যরা পালিয়ে গেলেও কালুকে ধরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।  জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তে থাকা আমাদের টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। তারা ভারতের দ্বীপচর বিএসএফ ক্যাম্পে যোগাযোগের চেষ্টা করছে।