বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, এটা দুর্ভাগ্যজনক যে এখনো আমরা গুজব দ্বারা বিভ্রান্ত হচ্ছি এবং ফেসবুকে নানাবিধ অপপ্রচার করা হচ্ছে। আসলে করোনা এখন বিশ্ব মহামারী। কিন্তু আমরা দেখছি ওয়াজ মাহফিলের নামে কিছু মওলানা-মৌলভী উলটাপালটা কথাবার্তা বলছে। এগুলো না করে উচিত হবে মানুষকে কীভাবে রক্ষা করা যায় সেজন্য সবাইকে এগিয়ে আসা। গতকাল শনিবার ঢাকায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মৈত্রীর ঢাকা মহানগরের সভাপতি ইয়াতুন নেসা রুমার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি একথা বলেন।
মেনন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে এবং করোনা প্রতিরোধের উপায় বের করতে তিনি ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন—ছাত্র মৈত্রী ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক তানভীন আহমেদ, সহসভাপতি তরিকুল ইসলাম, সাগর আহমেদ, রাজনৈতিক-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আয়েশী সিদ্দিকা মালা প্রমুখ।
