স্ত্রীর করোনা ভাইরাস ধরা পড়ার পর সেলফ আইসোলেশনে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখান থেকেই তিনি সরকার পরিচালনা করছেন। তিনি ব্যস্ত সময় পার করছেন। প্রধানমন্ত্রী ট্রুডো যেমন বিশ্ব নেতাদের সঙ্গে ফোনালাপ করছেন, তেমনি দেশের কাজও করছেন। খবর এনডিটিভির
স্থানীয় সময় শুক্রবার অটোয়ার সরকারি বাসবভবনের বাইরে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, আমার কোনো উপসর্গ নেই। তারপরও আমি নিশ্চিত হতে চাই। আমি ভালো আছি। প্রযুক্তি আমাকে বাড়ি থেকে কাজ করার সুযোগ দিয়েছে। ইটের তৈরি একটি ছোট্ট কটেজের সামনে থেকে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ট্রুডো দূরত্ব বজায় রেখে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। স্ত্রী সোফি গ্রেগরির করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে আসলেন ট্রুডো।
বৃহস্পতিবার কানাডার সরকার জানায়, প্রধানমন্ত্রী ট্রুডো, তার স্ত্রী সোফি (৪৪) এবং তাদের ৬ থেকে ১২ বছরের তিন সন্তান ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। পার্লামেন্ট থেকে তাদের বাসভবন কিছুটা দূরে।
কিছুটা উদ্বেগের
টেলিগভর্নিংয়ে কিছুটা অসুবিধা হলেও মানুষ হিসেবে সেটা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ট্রুডো। তিনি বলেন, অন্য নাগরিকদের মতো আমিও চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলছি। ট্রুডো বলেন, তিনি সেলফ কোয়ারেন্টাইনের মধ্যেই ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রঁ ও ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতাদের সঙ্গে ফোনালাপ করেছেন। তিনি মন্ত্রিপরিষদ এবং সরকারি অন্যান্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানান। তিনি বলেন, আমি আজ এবং কাল খুবই ব্যস্তসময় কাটিয়েছি।
