নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সন্ত্রাসী হামলার প্রথম বার্ষিকী আজ। এ উপলক্ষ্যে দেশটির সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে ঐ হামলায় গুলিবর্ষণ থেকে বেঁচে যাওয়া ওয়াসিম বলেছেন, ঐ বন্দুকধারীকে আমি কখনো ক্ষমা করবো না।
এক শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সন্ত্রাসী গত বছরের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের এক মসজিদে ঢুকে পবিত্র শুক্রবারের নামাজ পড়তে আসা মুসলিমদের ওপর গুলিবর্ষণ করে ৫০ জনকে হত্যা করে। ওয়াসিম ও তার মেয়ে দুই জনেই গুলিবিদ্ধ হন ঐ ঘটনায়। এখনো তারা সম্পূর্ণ সেরে ওঠেননি। ওয়াসিম বিবিসিকে বলেছেন, মহত্ সাজার ভান করে ‘বন্দুকধারীকে আমি ক্ষমা করে দিলাম’—এমন কথা তিনি কখনো বলতে পারবেন না।
নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন বলেছেন, ঐ হামলার পর মুসলিমদের সঙ্গে কিউইর জনগণ আরো বেশি সম্পৃক্ত হয়েছেন। এক বছরে দেশে অনেক পরিবর্তন হয়েছে। তিনি বলেন, নিউজিল্যান্ডের মানুষের মধ্যে মৌলিক পরিবর্তন ঘটেছে। তিনি ঐদিনকে সবচেয়ে ‘অন্ধকার দিন’ হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষ্যে দুটি মসজিদের সদস্যের সঙ্গে যৌথ প্রার্থনা সভায় অংশ নেন। আজ একটি জাতীয় স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী জেসিন্ডা।
