বর্তমান সরকার অর্থনৈতিক যেসব পরিকল্পনা নিয়েছে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সেখানে বড়ো ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এটা আনন্দের বিষয় যে সরকারের এসব কর্মকাণ্ডের সঙ্গে সমিতির গৃহীত কার্যক্রমের অনেক মিল রয়েছে। সকলের সম্মিলিত প্রয়াসে আমরা দেশের সার্বিক উন্নয়ন সাধন করতে সক্ষম হব।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি শনিবার সন্ধ্যায় গাজীপুর ডিপ্লোমা প্রকৌশলী বহুমুখী সমবায় সমিতির বহুতল বিশিষ্ট ‘প্রকৌশলী ভবন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজীপুর শহরের প্রধান সড়কে অবস্থিত প্রকৌশল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে ভবনের হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রকৌশলী শরীফ হোসেন ঢালী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইব্রাহীম খলিল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি, শামসুন্নাহার ভুঁইয়া এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
