লিফলেট পোস্টারে সীমাবদ্ধ চবির করোনা মোকাবেলা

আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৮:৫৬

বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে করোনা ভাইরাস। বাংলাদেশেও নতুন করে আরও দুইজন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদিকে প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা মোকাবেলায় নেই কোনো পদক্ষেপ বা প্রস্তুতি। আতঙ্কে শিক্ষার্থীরা।

গত বুধবার (১১ মার্চ) করোনা প্রতিরোধে ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র‌্যাগ ডে, নবীন বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়। তবে ওই নির্দেশনায় করোনা মোকাবেলায় কোনো ধরনের প্রস্তুতির বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুধুমাত্র জনসচেতনতা ছাড়া আর কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেল কর্মকর্তা ডা. আবু তৈয়ব বলেন, মেডিকেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ, পোস্টারিং করা হচ্ছে। তবে এখানে করোনা শনাক্তকরণ কিংবা ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা করা সম্ভব না৷ চট্টগ্রামের ফৌজদারহাটে একটি আইসোলেশন সেন্টার হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশিত হলে তাদের সেখানেই পাঠানো হবে।

আরও পড়ুন: হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ প্রতিবেদককে বলেন, যেখানে পুরো চট্টগ্রামেই কোনো ব্যবস্থা নেই, আমরা কীভাবে নেবো। তবে এখানে সংক্রামক ব্যাধির হাসপাতাল আছে, সন্দেহ হলে সেখানেই চিকিৎসা জন্য নেওয়া হবে।

ইত্তেফাক/এসি