ডিজনির সকল পার্ক বন্ধ ঘোষণা!

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২০:৫৬

বিনোদন ডেস্ক

 

করোনা ভাইরাসের আতঙ্কে এখন পুরোবিশ্বে। অনেক দেশেই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জনগণের জন্য। এই সমস্যার কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার দিকেও এগুচ্ছে। যে প্রভাব প্রকটভাবে পড়েছে পুরোবিশ্বের শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনে। বিশেষ করে হলিউডে এই প্রভাব আরও বেশি পড়ছে দিনদিন। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক শুটিং, ফিল্ম ফেস্টিভ্যাল, পুরস্কার অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় একে একে সবগুলো থিম পার্ক বন্ধ ঘোষণা করলো ডিজনি। নির্দেশিকা জারি করে এ কথা জানিয়ে দিয়েছে ডিজনি কর্তৃপক্ষ। করোনার সংক্রমণ রুখতে বিভিন্ন দেশে বিশাল জমায়েত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সরকার। তাই পর্যটনের অন্যতম আকর্ষণ ডিজনি পার্কগুলো বন্ধ করে দিলো কর্তৃপক্ষ। টোকিওর পর ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট, প্যারিসের অন্যতম আকর্ষণ ডিজনির প্যারিস রিসোর্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। চলতি সপ্তাহের শেষ থেকে বন্ধ রাখা হচ্ছে ডিজনিল্যান্ড পার্ক ও ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড অ্যাডভেঞ্চারও। একইসঙ্গে সাময়িকভাবে ক্রুজ লাইন পরিসেবাও স্থগিত রাখা হচ্ছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত এই থিম পার্কগুলো বন্ধ রাখা হবে। তবে আজ ডিজনির হোটেলগুলো খোলা রাখা হয়েছে, যাতে পর্যটকরা সমস্যায় না পড়েন।

বিশ্বজুড়ে করোনার ত্রাসেও ডিজনির বিভিন্ন থিম পার্ক ও রিসোর্টগুলোতে পর্যটক সমাগমে কমতি ছিল না। তবে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার সরকার জমায়েত বন্ধ রাখার আবেদন জানায়। যদিও সেখানে এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হয়নি।