এই সময়ের ছড়া

নাগরিক কোকিল

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:২৯

আমীরুল ইসলাম

 

শহরে হঠাত্ ট্রাফিক জ্যাম

গাড়ির মধ্যে সাহেব-মেম

যানজটে মন হচ্ছে তিতে

সবাই আছে বিরক্তিতে

শুকনো পাতা উড়ছে ধুলো

ঝিমায় পথের কুকুরগুলো

বৃষ্টি কোথায় সৃষ্টি ছাড়া

উত্তাপে লাল মেঘের পাড়া

তখন কোথায় কুহুকুহু

ডাকল কোকিল মুহুর্মুহু

এমন ভিড়ে কোকিল ডাকে?

স্তব্ধ করে শহরটাকে

আয় বসন্ত আকাশ নীলে

বাংলামোটর মতিঝিলে

আয় বসন্ত আজিমপুরে

কোকিল ডাকে গানের সুরে

আয় বসন্ত বারিধারায়

কোথায় কালো কোকিল হারায়?

আয় বসন্ত বিজন বনে

আমার মনে তোমার মনে

আয় বসন্ত শহর জুড়ে

কোকিল ডাকে গানের সুরে...