বাল্যবিয়ে, ইভটিজিং, এইডস প্রতিরোধে করণীয়, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বয়ঃসন্ধিকাল সময়ে করণীয়সহ এরকম নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গ্রামাঞ্চলের কিশোর-কিশোরীদের সচেতন করে তুলছে ওয়ার্ড রিনিউ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সাথী) নামে একটি সংগঠন। কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামপর্যায়ে কিশোর-কিশোরী দল গঠন করে এ সচেতনতা বৃদ্ধির কাজ করে যাচ্ছেন সংগঠনটির কর্মীরা।
বুধবার অনুষ্ঠিত সংগঠনটির উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তুরুকপাড়া গ্রামের কিশোর-কিশোরী দলের প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া সারাবছরই কিশোর-কিশোরীদের বিভিন্ন অনুষ্ঠান, আলোচনা, সভা-সমাবেশ ও প্রতিক্ষণের মাধ্যমে ওইসব বিষয়ে সচেতন করার পাশাপাশি তাদের স্বাস্থ্যসম্মত সুস্থ জীবনযাপনে দক্ষ এবং কর্মমুখী করে গড়ে তোলার কাজটিও সাথীর কর্মীরা করে যাচ্ছে।
তুরুকপাড়া গ্রামের কিশোর-কিশোরী দলের সভাপতি সাবিনা আক্তার জানান, আমরা অনেক কিছুই জানতাম না। জানার আগ্রহও তেমন ছিল না। বয়ঃসন্ধিসহ কিছু বিষয় আছে আলোচনা হলে লজ্জা লাগতো। কিন্তু সাথীর মাধ্যমে এখন অনেক বিষয়ই জেনেছি। যা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। সাথীর কান্দিউড়া ইউনিয়নের মাঠ সংগঠক জেসমিন আক্তার জানান, কিশোর-কিশোরী দল গঠন করে গ্রামপর্যায়ে আমরা সারাবছরই বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।
