কুড়িগ্রামের ডিসির বিচার দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪০

মধ্য রাতে ধরে নিয়ে সাংবাদিক নির্যাতন

ইত্তেফাক ডেস্ক

কুড়িগ্রামে মধ্যরাতে বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে নির্যাতন ও মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়ার ঘটনায় জড়িত  জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের বিচারের দাবিতে রবিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল : বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনের সড়কে মানববন্ধন করা হয়। এ সময় সাংবাদিকসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

রংপুর : রংপুর প্রেসক্লাব চত্বরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সম্মিলিত সাংবাদিক সমাজের আহ্বায়ক সাইফুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব রতন সরকার, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী প্রমুখ।

সিলেট : নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন মানববন্ধন ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু প্রমুখ।

কুমিল্লা : কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হলের প্রধান গেটের সামনের সড়কে মানববন্ধন করেন জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নেতা মাসুক আলতাফ চৌধুরী, মো. লুত্ফুর রহমান প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। লক্ষ্মীপুর প্রেসক্লাবের আয়োজনে এ সময় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক প্রমুখ।

লালমনিরহাট : সচেতন সাংবাদিক সমাজের আয়োজনে শহরের মিশন মোড় চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট বার্তার সম্পাদক গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : ফুলবাড়ীর মিডিয়া কর্মীদের উদ্যোগে উপজেলার তিনকোণা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

চিলমারী (কুড়িগ্রাম) : উপজেলা পরিষদ মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস এম নুরুল আমিন সরকার, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাজমুল হুদা পারভেজ প্রমুখ।