চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
সাধারণত বউভাতের আয়োজনে নবদম্পতিকে বিভিন্ন উপহার দেন আমন্ত্রিত অতিথিরা। তবে বাগেরহাটের চিতলমারী উপজেলার কালশিরা গ্রামে এক নবদম্পতি গাছের চারা উপহার দিয়ে অতিথিদের বরণ করে নিয়েছেন। আমন্ত্রণে এসে গাছের চারা উপহার পেয়ে অনেকেই বেজায় খুশি। নবদম্পতিকে সবাই দোয়া ও আশীর্বাদ করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার কালশিরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাখন লাল ব্রহ্মের ছেলে মাধব ব্রহ্মের সঙ্গে রূপসা উপজেলার পাথরঘাটা গ্রামের গোপাল পোদ্দারের মেয়ে সুমা পোদ্দারের বিয়ে হয়। এদিন বিকালে বরের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। আগত অতিথিদের ভূরিভোজ শেষে একটি করে উন্নত জাতের আমের চারা উপহার দেওয়া হয়।
অতিথি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। মাধব বরাবরই মহত্ কাজের সঙ্গে সম্পৃক্ত থেকে নানা দৃষ্টান্ত স্থাপন করেছে। সে নিজে এক সময় লাইব্রেরি তৈরি করে লোকের বাড়িতে বই বিলি করে বেড়াত। এটাও তারই একটা অংশ বলা চলে। এ বিষয়ে নবদম্পতি মাধব ব্রহ্ম ও সুমা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই। পাশাপাশি আমরা যে আম গাছের চারাটি উপহার দিয়েছি এটি যদি বেঁচে থাকে তাহলে এ গাছে একদিন ফল ধরবে। তখন লোকে আম খেয়ে আমাদের কথা মনে করবে। এ স্মৃতিকে ধরে রাখতেই গাছের চারা উপহারের বিষয়টি মাথায় এসেছে।
