হবিগঞ্জে সন্তানকে গলাটিপে হত্যা করল বাবা

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪২

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার লস্করপুর রেলস্টেশনে এনামুল হক শাকিল (৭) নামের শিশু সন্তানকে গলাটিপে হত্যা করেছে তার বাবা। শনিবার রাতের এ ঘটনার পর থেকে শিশুটির বাবা ইমান আলী পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ রবিবার সকালে লাশ উদ্ধার করে।

বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান জানান, নেশাগ্রস্ত বাবা সন্তানকে গলাটিপে হত্যা করেছে। শনিবার মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনের পরিত্যক্ত কোয়ার্টারে এ ঘটনা ঘটেছে।

নিহত শাকিলের ছোটো ভাইয়ের বরাত দিয়ে স্থানীয় ওয়ার্ডের মহিলা মেম্বার রাজিয়া আক্তার বলেন, রাতে নেশাগ্রস্ত ইমান আলীর সাথে স্ত্রীর ঝগড়া হয়। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই সন্তান হত্যার ঘটনা হতে পারে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান বলেন, শনিবার মধ্যরাতে লস্করপুর রেলস্টেশনে বাবার হাতে সন্তান হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে বাবা পলাতক।