ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট বাতিল

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪২

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

করোনা ভাইরাসের শঙ্কায় যাত্রী কমে যাওয়ায় রবিবার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কমিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রীসংখ্যা ছিল মাত্র ২০ থেকে ৩০ শতাংশ। অপরদিকে, ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সেদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশের ১০টি, নভো এয়ারের পাঁচটি ও ইউএস-বাংলার পাঁচটি ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে করোনার কারণে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশ বিমানের এই ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত।