শরণখোলায় এক জন আইসোলেশনে

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৪৩

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

শরণখোলায় রোববার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আ. আউয়াল হাওলাদার (৬৪) নামের এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। তার বাড়ি উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গাজীর ব্রিজ এলাকায়। সে ১১ দিন আগে ভারত থেকে বাড়ি ফিরে আসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদা ইয়াসমিন জানান, সকালে মৃত রশিদ হাওলাদারে পুত্র আ. আউয়াল হাওলাদার জর, সর্দি-কাশি ও গলা ব্যথাসহ করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন। তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ হয় তাদের। পরে তারা হটলাইনে মহাখালীর রোগত্বত্ত নিয়ন্ত্রণ কেন্দ্রে যোগাযোগ করলে আ. আউয়ালকে আইসোলেশন সেন্টারে রাখার পরামর্শ দেন। আইসোলেশনে তাকে আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী চিকিত্সা দেয়া হচ্ছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী তাকে ঢাকায় পাঠানো হতে পারে বলে তিনি জানান।

শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন জানান, ধানসাগর ইউপি সদস্য তপু বিশ্বাস ভারত থেকে আসা আ. আউয়ালের অসুস্থতার উপসর্গ দেখে সন্দেহ হলে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।