ফুলবাড়ীতে চার ঘর পুড়ে ছাই

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৬

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

মঙ্গলবার রাতে ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের চারটি টিন সেডের ঘরসহ সাত লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসী জানান, উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘাটিয়ালটারী ওয়াবদা বাজার সংলগ্ন কেসমত আলী, ছেলে সাজু উদ্দিন (কাপড় ব্যবসায়ী), শাহাজালাল ও প্রতিবেশী মুকুলের বাড়িতে ওইদিন সাজুউদ্দিনের রান্নাঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে সেখান থেকে তারা আসার আগে চারটি ঘর, নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার, ৭০ মণ ধান, আসবাবপত্র ও কাপড়-চোপর পুড়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুমা আরেফিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দেওয়া হবে।

আগৈলঝাড়ায় দুই দোকান ভস্মীভূত

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, মঙ্গলবার রাতে আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, উপজেলার বাকাল ইউনিয়নের জবসেন গ্রামের মো. গনি পাইকের ছেলে আনোয়ার পাইকের বাড়ির সামনে পাশাপাশি দুটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানে থাকা ফ্রিজ, টিভি, মুদি মালামালসহ সম্পূর্ণ দোকান ভস্মীভূত হয়। এতে ৩লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী আনোয়ার পাইক জানান। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছে এলাকাবাসী।

সুন্দরগঞ্জে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের লিটন মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত তিনটার সময় আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তে ছড়িয়া পড়ে। এতে রওশন আলমের ভ্যারাইটিস অ্যান্ড কসেমটিকসের দোকান, আসাদ, করিব, ইসলাম, বিধান, আশরাফ, আফসার, রবিউল ও একরামুলের দোকানে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত  হয়।  এতে ক্ষয়ক্ষতি প্রায় কোটি টাকা।