বিশেষ প্রতিনিধি
নিখোঁজ হওয়া দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে তার ছেলের সহপাঠীরা। গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। এতে শিক্ষার্থীরা বলেন, দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে কোনো বিশৃঙ্খলা নেই, সুস্থভাবে দেশ চলছে। বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এ অবস্থায় একজন সাংবাদিক নিখোঁজ হওয়া বড়ো উদ্বেগের কারণ। আমরা তাকে সুস্থভাবে ফেরত চাই। মানববন্ধনে নিখোঁজ হওয়া সাংবাদিকের ছেলে মনোরম পলক বলেন, আমার বাবা ১০ মার্চ দুপুর ৩টায় বাসা থেকে বের হয়। এরপর তার সাথে আর যোগাযোগ হয়নি আমাদের। সরকারের কাছে আমাদের আবেদন, আমার বাবাকে খুঁজে বের করে আমাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করবেন।
