ইত্তেফাক রিপোর্ট
সাভারে এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত শহিদুল্লাহ প্রধানকে (৬৫) আটক করেছে পুলিশ। শনিবার রাতে ভুক্তভোগী ঐ নারী সাভার মডেল থানায় মামলা করেছেন। আটককৃত শহিদুল্লাহ প্রধান সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার মৃত দানু প্রধানের ছেলে।
ভুক্তভোগী নারী জানান, তিনি সাভার পৌর এলাকার ভাড়া বাসায় থেকে একটি বেসরকারি ক্লিনিকে মার্কেটিং বিভাগে কাজ করেন। চাকরির সুবাদে দুই মাস পূর্বে মজিদপুর এলাকার শহিদুল্লাহ প্রধানের সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল শহিদুল্লাহ। একপর্যায়ে শনিবার সকালে শহিদুল্লাহ বিয়ের কথা বলে ঐ নারীকে মজিদপুর এলাকায় রোকসানা বেগমের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ঐ বাসার একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক রনি বলেন, ধর্ষণের শিকার নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শহিদুল্লাহ প্রধানকে আটক করা হয়েছে। ঐ নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল রবিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
