ইত্তেফাক রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে মুজিববর্ষের সূচনালগ্নে আগামীকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে জাতীয় পার্টি (জাপা)। জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের নেতৃত্বে দলের সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যানবৃন্দ এবং পার্টির মহাসচিবসহ শীর্ষ নেতারা এই শ্রদ্ধা জানাবেন বলে গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, জাপা চেয়ারম্যান গতকাল তার বনানী কার্যালয়ে জাতীয় মত্স্যজীবী পার্টির এক অনুষ্ঠানে বলেছেন, আগামীদিনের রাজনীতিতে জাপা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমানুষের প্রত্যাশা পূরণে জাপা সবসময় ইতিবাচক রাজনীতি করবে। আজহারুল ইসলাম সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
