ইত্তেফাক রিপোর্ট
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই তাগিদ দেওয়া হয়। বৈঠকে বিদ্যুত্ মন্ত্রণালয়াধীন বিভিন্ন কোম্পানির বার্ষিক প্রতিবেদন সংসদীয় কমিটির সকল সদস্যকে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ব্লু ইকোনমিসহ জ্বালানি তেলের নতুন উত্স অনুসন্ধানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অগ্রগতি প্রতিবেদন, কয়লা সম্পদের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ, তিতাস গ্যাসের বকেয়া বিল ও তিতাস গ্যাসের হালনাগাদ পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আবু জাহির, আলী আজগার, এস এম জগলুল হায়দার, নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন সওদাগর প্রমুখ অংশ নেন।
