গাজীর চ্যালেঞ্জের মুখে তামিমরা

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৫৭

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজেকে তৈরি করা, মাঠে নেতৃত্বের অনুশীলনের ভালো সুযোগ পাচ্ছেন তামিম ইকবাল। বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব দিবেন তিনি। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে অন্যতম সেরা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে ঝালাই করার মঞ্চ পাবেন তামিম। ফরম্যাট একই বলে নেতৃত্বের কিছুটা পরীক্ষাও হয়ে যাবে তার।

সেক্ষেত্রে প্রিমিয়ার লিগ শুরুর ম্যাচটাকেই ‘প্রতীকী’ ধরে নিতে পারেন এই বাঁহাতি ওপেনার। আজ প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে মাঠে নামবে তামিমের প্রাইম ব্যাংক। মিরপুর স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। কোচ সালাউদ্দিন, মাহমুদউল্লাহ, মুমিনুল-সৌম্যদের গাজী ক্রিকেটার্স নিশ্চিতভাবেই বড়ো চ্যালেঞ্জ জানাবে তামিমদের। তাদের সঙ্গী হয়ে আছেন যুব বিশ্বকাপজয়ী আকবর আলীও।

প্রাইম ব্যাংকের অধিনায়ক নিজেও সেটা ভালোই জানেন। তাই লিগের শুরুটা ভালো করার দিকেই মনোযোগী হচ্ছেন তামিম। গতকাল বিসিবি একাডেমি মাঠে লিগ শুরুর বিষয়ে তিনি বলেছেন, ‘খুব গুরুত্বপূর্ণ। যে কোনো টুর্নামেন্টের শুরুটা খুব গুরুত্বপূর্ণ। এটা যে কোনো দলের সঙ্গে। আমাদের এমনই এক দলের সঙ্গে খেলা, যারা চ্যাম্পিয়নশিপের টাইটেলের রেসে। যারা ওভাবেই দল গড়েছে।’

নিজের দলটাকেও নিয়ে বেশ আত্মবিশ্বাসী তামিম। তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় যে আমরা যদি কালকে (আজ) ভালোভাবে শুরু করতে পারি, আমাদের কাজ করতে পারি তাহলে, ক্যাম্পেইনের জন্য ভালো একটা শুরু হবে। আর দল হিসেবে আমাদের যথেষ্ট সামর্থ্য। আমরা শক্তিশালী দল। আমাদের নির্ধারিত দিনে পারফর্ম করতে হবে, পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’

মিরপুরের উইকেটে গতকাল সকালেও বেশ সংগ্রাম করেছে আবাহনী। পারটেক্সের বোলাররা কাঁপিয়েছেন তারকা খচিত আবাহনীর টপঅর্ডার। প্রতিদিনই মিরপুরে এমন হবে তা আশা করছেন না তামিম। গতকাল বলেছেন, ‘আমার কাছে মনে হয় আমরা ভিন্ন উইকেটে খেলব। আজকে (গতকাল) যে উইকেটে খেলা হচ্ছে। সাধারণত একটু তো আইডিয়া থাকেই মিরপুরের উইকেটে কী হয়। তারপরও কাল (আজ) আরো ভালো বলতে পারব।’

প্রাইম ব্যাংকের নেতৃত্বটা নিজের শাপেবর বলেই মানছেন তামিম। গতকাল অভিজ্ঞ এই ওপেনার বলেছেন, ‘প্রাইম ব্যাংক যেহেতু আমাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে, চেষ্টা করব আমি যেন সব ভালোভাবে করতে পারি। আমার নিজেরও একটু অভিজ্ঞতা হলো। আমি এটার জন্য মুখিয়ে আছি।’

প্রাইম ব্যাংকের মতো কর্পোরেট দলের অনেক সুনাম রয়েছে ক্রিকেটারদের মাঝে। শৃঙ্খলা,  সুযোগ-সুবিধা, ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের দিক থেকে বিতর্কহীন প্রাইম ব্যাংক। এমন ক্লাবে খেলার অভিজ্ঞতা আগে থেকেই ছিল তামিমের, ‘আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম একটা দলে খেলার জন্য। আমি অনেক ভালো রিভিউ শুনেছি অন্যান্য প্লেয়ার থেকে তাদের পেশাদারিত্ব সম্পর্কে। কীভাবে তারা সব পরিচালনা করে। আজকে (গতকাল) আমার দ্বিতীয় দিন। এখন পর্যন্ত তো খুবই ভালো।’

দিনের অপর দুটি ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাব খেলবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিরুদ্ধে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রিমিয়ার লিগ মিশন শুরু হবে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ৯টায়।