ছোটো হয়ে আসতে পারে আইপিএল

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২১:৫৭

ইঙ্গিত সৌরভ গাঙ্গুলির

স্পোর্টস ডেস্ক

থমকে গেছে ক্রীড়াঙ্গন। করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ হয়ে গেছে বিশ্বজুড়ে চলমান একগাদা খেলাধুলার আসর। এর ‘কোপ’ পড়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ওপরও। আপাতত, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বেঁধে দেওয়া ঐ সময়ে আদৌ আইপিএল আয়োজিত হবে কি না, তা নিয়ে আছে ধোয়াশা। বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানালেন, প্রয়োজনে এবার ছোটো হয়ে আসতে পারে আইপিএল।

বিসিসিআইয়ের সদর দফতরে গত শনিবার সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বোর্ড কর্মকর্তারা। আপাতত ঠিক হয়েছে প্রতি সপ্তাহে পরিস্থিতির পর্যালোচনা করা হবে। মার্চ মাসের শেষে আবার ফ্রাঞ্চাইজিদের সঙ্গে বসবে বোর্ড। বর্তমান পরিস্থিতিতে আইপিএল করার জন্য বেশ কয়েকটা বিকল্প নিয়ে আলোচনা হয় গভর্নিং কাউন্সিলের বৈঠকে। তবে আইপিএল ছোটো করার ভাবনাই রয়েছে বিসিসিআইয়ের।

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘অবশ্যই আইপিএল হবে। তবে সেটা ১৫ এপ্রিলের পর। তাহলে বুঝতেই পারছেন ১৫ দিন চলেই যাচ্ছে। তখন তো ছোটো করতেই হবে। কতটা ছোটো, কতগুলো ম্যাচ সেটা এখনই বলা যাবে না।’ আইপিএল শুরুর জন্য পাঁচটি তারিখ ধরে রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে এই পাঁচটা দিনের মধ্যে যে কোনো একটা দিনে শুরু হতে পারে আইপিএল। এপ্রিলের ১৫, ২১, ২৫, ১ মে এবং ৫ মে—এই পাঁচটা দিনের মধ্যে যে কোনো একটা দিনে টুর্নামেন্ট শুরু হতে পারে। তবে বোর্ড এখন পরিস্থিতির ওপরে নজর রাখছে। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারত ও বিশ্বজুড়ে এখন যা হচ্ছে তাতে এই মুহূর্তে খেলোয়াড়দের সুরক্ষার দিকেই আমরা সবচেয়ে বেশি নজর রাখছি। আমরা সব রকমের ঘরোয়া ক্রিকেট বন্ধ রেখেছি। পরিস্থিতি বিবেচনা করে আমরা পরে আবারও সব চালু করব। দলগুলোকেও তেমনটাই বলা আছে।’

টুর্নামেন্ট যেহেতু দেরিতে শুরু হচ্ছে, তাই ম্যাচের সংখ্যা কমানো হতে পারে। এখনো পর্যন্ত দর্শকহীন গ্যালারিতে খেলা হওয়ার সম্ভাবনাই বেশি। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বোর্ডের শীর্ষ কর্তাদের আলোচনা হয়েছে টুর্নামেন্ট নিয়ে। সৌরভ জানিয়েছেন, প্রতি সপ্তাহেই পরিস্থিতি পর্যালোচনা করছে বিসিসিআই। সৌরভ বলেন, ‘আমরা প্রতি সপ্তাহেই পরিস্থিতি পর্যালোচনা করছি। অনেক বিষয় নিয়েই কাজ করছি। সবকিছুর আগে আমাদের সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

 শোনা যাচ্ছে, বিশ্বকাপের ফরম্যাটে আটটি ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুটো গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট হতে পারে। পয়েন্টের বিচারে প্রতিটি গ্রুপের সেরা দুটো দল নিয়ে সেমিফাইনাল হবে। শুধু আইপিএলই না ঘরোয়া প্রতিযোগিতাও স্থগিত করে দেওয়া হয়েছে। এর মধ্যে আছে ইরানি কাপের মতো আসর। রঞ্জি ট্রফির ফাইনালও অনুষ্ঠিত হয় ফাঁকা স্টেডিয়ামে। আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি খেলেই ফিরে গেছে দক্ষিণ আফ্রিকা দল। দুটি ওয়ানডে ম্যাচ স্থগিত করা হয়েছে।