সেঞ্চুরিতে শুরু তাইবুরের
স্পোর্টস রিপোর্টার
গতকাল এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনেই দুই সেঞ্চুরির দেখা মিলল। মিরপুরে সেঞ্চুরি করেছেন আবাহনীর মুশফিকুর রহিম। ফতুল্লায় সেঞ্চুরি করেছেন প্রাইম দোলেশ্বরের তাইবুর রহমান। আর মাত্র ৩ রানের জন্য ফতুল্লাতেই সেঞ্চুরি পাননি জুনায়েদ সিদ্দিকী।
এই ঘটনাবহুল দিনে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। আর ফতুল্লায় টানটান উত্তেজনার ম্যাচে ৮ রানে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে প্রাইম দোলেশ্বর।
সাভারে আগে ব্যাট করে ওল্ড ডিওএইচএস। দারুণ শুরু পায় তারা। ১ উইকেটে ১৩০ রান তুলে ফেলে তারা। ওপেনার ইমন ৫৯ ও রাকিন ৪৮ রান করে ১০৬ রানের উদ্বোধনী জুটি এনে দেন। পরে মাহমুদুল হাসান জয় ৩৫ রান করেন। শেষ পর্যন্ত তারা ২৩০ রানে অলআউট হয়।
শুরুতে ভালো করেছিল লিজেন্ডস অব রূপগঞ্জও। তাদের ওপেনার পিনাক ঘোষ ৫৩ রান করেন। কিন্তু শেষ দিকে এসে সানজামুল ৪০ রান করা ছাড়া আর তেমন কেউ প্রতিরোধ করতে পারেননি। ফলে ২০৫ রানে অলআউট হয় তারা।
প্রাইম দোলেশ্বর শুরুতে কয়েকটা উইকেট হারিয়ে ফেললেও মাঝে তাইবুর রহমানের একক প্রতিরোধে ৭ উইকেটে ২৩৮ রান করতে পারে। তাইবুর ৯৪ বলে ১১০ রান করে অপরাজিত থাকেন। জবাবে জুনায়েদের ৯৭ ও চার নম্বরে তুষার ইমরানের ৫১ রানে বেশ লড়াই করছিল ব্রাদার্স। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে ২৩০ রানে আটকে যায় তারা।
সংক্ষিপ্ত স্কোর :
ওল্ড ডিওএইচএস—লিজেন্ডস অব রূপগঞ্জ
ওল্ড ডিওএইচএস : ৪৯ ওভারে ২৩০/১০ (ইমন ৫৯, রাকিন ৪৮, জয় ৩৫, প্রিতম ৩৩; সোহাগ ৩/৫৪, শহীদ ২/৪১, আল-আমিন ২/৫১)।
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৫০ ওভারে ২০৫/১০ (পিনাক ৫৩, সানজামুল ৪০, সোহাগ ৩২, জাকের ২৮; রশীদ ৩/৩৫, অভিষেক দাস ৩/৪৪, রাকিবুল ২/২৮, অ্যালিস ২/৩৬)।
ফল : ওল্ড ডিওএইচএস ২৫ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : অভিষেক দাস
প্রাইম দোলেশ্বর—ব্রাদার্স ইউনিয়ন
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ৫০ ওভারে ২৩৮/৭ (তাইবুর ১১০, ইমরান ৩৪, মার্শাল ২৬, এনামুল জুনিয়র ২৩; সাকলায়েন ২/২৭)।
ব্রাদার্স ইউনিয়ন : ৪৯.৪ ওভারে ২৩০/১০ (জুনায়েদ ৯৭, তুষার ৫১, রাহাতুল ৩১; রেজাউর ৪/৩৬, শরিফুল্লা ২/৪৭)।
ফল: প্রাইম দোলেশ্বর ৮ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ : তাইবুর রহমান।
