স্পোর্টস রিপোর্টার
জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হবে আগামী ১৭ মার্চ। ওই দিন বঙ্গবন্ধুর জন্মদিন। জন্মশতবার্ষিকীর দিনেই জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে। দেশের আট ভেন্যুতে খেলা হয়ে ঢাকায় এসেছে। অনেক আগেই প্রথম পর্বেও শুরু হয়েছিল। শেষও হয়েছিল। কিন্তু চূড়ান্ত পর্ব হচ্ছিল না শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষার কারণে। প্রায় দুই মাস বন্ধ ছিল খেলা। গতকাল বিকালে বাফুফে ভবনে জাতীয় স্কুল ফুটবল নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন টুর্নামেন্টের চেয়ারম্যান বিজন বড়ুয়া। তিনি জানান, ৮ ভেন্যুর চ্যাম্পিয়ন দল নিয়ে ঢাকায় খেলা হবে। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে খেলার আয়োজন করা হয়েছে। এই খেলা হতে পাইওনিয়ার ফুটবল লিগের ক্লাবগুলো তাদের পছন্দের খেলোয়াড় খুঁজে নিতে পারবে। বিজন বড়ুয়া জানিয়েছেন, তারা কিছু ফুটবলার বাছাই করেও রেখেছেন যাদের পাঠানো হবে বাফুফে ফর্টিস একাডেমীতে।
ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল শুরু
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে শুরু হয়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২০। গতকাল সকালে শহিদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন), নির্বাহী পরিচালক, স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার, ওয়ালটন গ্রুপ। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে একুশে টিভি টাইব্রেকারে ২-০ গোলে এটিএন বাংলাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে এটিএন নিউজ ২-১ গোলে আমার সংবাদকে পরাজিত করে। তৃতীয় ম্যাচে দৈনিক জবাবদিহি ৪-০ গোলে সংবাদ প্রতিদিনকে পরাজিত করে। চতুর্থ খেলায় সময়ের আলো টাইব্রেকারে ২-০ গোলে ভোরের ডাককে পরাজিত করে। পঞ্চম ম্যাচে মানবজমিন টাইব্রেকারে বাংলাদেশ পোস্টকে ২-০ গোলে পরাজিত করে।
প্রতিপক্ষ মাঠে না আসায় আমাদের সময়, যুগান্তর ও দৈনিক সংবাদ ওয়াক ওভার লাভ করে।-সংবাদ বিজ্ঞপ্তি
