আতঙ্কিত না হয়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন :নাসিম

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২২:০৫

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম করোনা ভাইরাস মোকাবিলায় সরকারকে সহযোগিতা করতে দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘অহেতুক আতঙ্কিত না হয়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন।’ গতকাল রবিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গণতন্ত্রী পার্টির উদ্যোগে উগ্র জঙ্গিবাদবিরোধী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, ১৯৭১ সালে ভয়কে জয় করে বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন যে কোনো দুর্যোগ মোকাবিলা সম্ভব হচ্ছে। বাঙালিরা ভয়কে জয় করতে শিখেছে। বিএনপি-জামায়াত সৃষ্ট উগ্র জঙ্গিবাদ দমন হয়েছে। অন্ধকারের বাংলাদেশ এখন আলোকিত। দারিদ্র্য পরাজিত করেছি। তাহলে কেন আমরা বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী রোগ করোনা রুখতে পারব না? তিনি বলেন, বাঙালি সাহসী জাতি। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা জানি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার আহ্বান, আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকব। সতর্ক থাকব। অহেতুক আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলব।

নাসিম বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সবাই এগিয়ে আসুন। এখন রাজনীতি করার সময় না। জনগণের পাশে দাঁড়ানোর সময়। এদেশে ধর্মীয় উগ্রবাদ অনেক মানুষের জীবন নিয়েছে। এখন আমরা বাংলাদেশকে বাঁচাতে চাই—এটাই শেখ হাসিনার রাজনীতি, ১৪ দলের রাজনীতি।

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবুর সভাপতিত্বে সেমিনারে জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রখ্যাত আলেম ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, গণ-আজাদী লীগের সভাপতি এস কে শিকদার, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, ন্যাপের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বর্তমান সরকারের জঙ্গি তত্পরতা রোধে গৃহীত কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং বাংলা ভাই গংদের বিচার করতে পেরেছেন। তিনি আরো বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। এই সরকারের উন্নয়ন অগ্রগতি দৃশ্যমান বলে তিনি উল্লেখ করেন।