মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে রিটের আদেশ আজ

আপডেট : ১৫ মার্চ ২০২০, ২২:১০

গভীর রাতে কুড়িগ্রামের ডিসি অফিসে মোবাইল কোর্ট বসিয়ে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনের ওপর গতকাল রবিবার হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। একইসঙ্গে সাংবাদিক আরিফুল ইসলামকে দেওয়া সাজা ও দণ্ডের আদেশের অনুলিপি, অভিযান কারা পরিচালনা করেছে মোবাইল কোর্ট নাকি টাস্কফোর্স, রাতে অভিযান পরিচালনার বিষয়ে আইন অনুসারে পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, অভিযান পরিচালনার কারণ এবং আইন অনুসারে ঘটনা কার সম্মুখে কখন সংঘটিত হলো তা জানাতে রাষ্ট্রপক্ষকে বলা হয়েছে।

আদালত বলেন, একজন সাংবাদিককে ধরতে মধ্যরাতে তার বাসায় ৪০ জনের বিশাল বাহিনী গেল! উনি কি দেশের শীর্ষ সন্ত্রাসী? আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী ইশরাত হাসান ও সৈয়দ সায়েদুল হক সুমন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য্য শুনানি করেন।