সাংবাদিক আরিফকে গ্রেফতার ও শাস্তি প্রক্রিয়া বিধিসম্মত হয়নি :তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০০:২১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কুড়িগ্রামে বাংলা ট্রিবিউন প্রতিনিধি আরিফুল ইসলামকে গ্রেফতার ও শাস্তি প্রদান প্রক্রিয়া বিধিসম্মত হয়নি। গতকাল রবিবার বিকালে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি বিধিসম্মত হয়নি।’ 

‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোকসজ্জা করোনা সংক্রমণে কোনো প্রভাব ফেলবে কি না’, সে ব্যাপারে অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আলোকসজ্জা বরং করোনার কারণে চিন্তিত মানুষকে উজ্জীবিত করবে। প্রবল উত্সাহ-উদ্দীপনা থাকলেও করোনা ভাইরাসের কারণে জনসমাগমপূর্ণ সব অনুষ্ঠান পুনর্বিন্যাস করা হয়েছে এবং আলোকসজ্জার সঙ্গে জনসমাগমের কোনো সম্পর্ক নেই বিধায় করোনা সংক্রমণে এর কোনো প্রভাবও নেই।’

মন্ত্রী বেতার মিলনায়তনে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতি গঠন আমাদের লক্ষ্য এবং বেতার সেই লক্ষ্য অর্জনে বড়ো ভূমিকা রাখবে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদার, সংবাদ ও অনুষ্ঠান শাখার উপ-মহাপরিচালকদ্বয়, পরিচালকবৃন্দসহ সকল পর্যায়ের কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।