স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১০০ পাউন্ডের কেক কাটবে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে তথ্য জানানো হয়, কর্তৃপক্ষের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ৭টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য ভবনে জমায়েত হয়ে সেখান থেকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষপস্তবক অর্পণ করবেন। বেলা ১১টায় উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১০০ পাউন্ডের কেক কাটা হবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। অন্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।
