পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা ভাইরাসের কারণে ভারতীয়দের বাংলাদেশে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। গতকাল রবিবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী: একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যে সব দেশে করোনা ভাইরাস বেশি আমরা সে সব দেশে ফ্লাইট বন্ধ করেছি। আমাদের জনগণকে সুরক্ষিত রাখার জন্য কেউ যেন বাহির থেকে এসে ভাইরাস না ছড়ায় সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। যেসব দেশে করোনা ভাইরাস অস্বাভাবিক মাত্রায় ছড়িয়েছে, সে সব দেশ থেকে আসা বন্ধ না হলেও যিনি আসবেন তাকে কোয়ারেন্টাইনে যেতে হবে। কিন্তু আমাদের বাঙালি প্রবাসীরা যখন আসেন, তারা এটাতে খুব অসন্তুষ্ট হন। কেউ কেউ আছেন, ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করেন। ‘আমাদের তো একটা দৈন্যতা আছে। এটা তো একটা বিশেষ অবস্থা, সেটা তো বুঝতে হবে। আমরা যাদের নিয়ে আসি, তাদের হজক্যাম্পে রাখি। এখন আমরা কয়েকটা হাসপাতালে রেখেছি। আমাদের ভয়, বেশি সংখ্যক আসলে আমরা কীভাবে রাখব? আমাদের ১৬ কোটি লোক কয়েকজনের জন্য আক্রান্ত হোক, আমরা এটা চাই না।
প্রবাসীদের বিদেশেই থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এর আগে আমরা ভিডিও মারফতে আপিল করেছিলাম যে, আপনারা যে যেখানে আছেন, আল্লাহর ওয়াস্তে কয়েকদিন থাকেন। অবস্থা ভালো হবে। গরম পড়ছে, ভালো হবে। কিন্তু তারা এটা শোনেননি। করোনা ভাইরাসের কারণে দেশে স্কুল-কলেজ বন্ধের বিষয়ে তিনি বলেন, এ ধরনের হিড়িকের মধ্যে বন্ধ করলে তো আতঙ্ক সৃষ্টি হবে। যখন প্রয়োজন হবে তখন স্কুল বন্ধ হবে। আমেরিকা, কানাডা ও ব্রিটেন তো স্কুল বন্ধ করেনি। আমাদের প্রতিবেশী পশ্চিমবঙ্গ বন্ধ করেছে। হয় তো অন্য কারণে বন্ধ করেছে। আমাদের এখানে যখন বন্ধ করার দরকার হবে, তখন অবশ্যই বন্ধ করব।
