চালকদের নিয়ে বিআরটিএর গণশুনানি!

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০০:২৯

গ্রাহকদের বিভিন্ন অভিযোগ ও তাদের কথা জানতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গণশুনানি। গতকাল রবিবার বিকালে সংস্থার খিলক্ষেত কার্যালয়ে এ শুনানি অনুষ্ঠিত হয়। তবে এতে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আসা চালকেরাই উপস্থিত ছিলেন। এ কারণে গতকালের আয়োজনে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ ও ভোগান্তির বিষয় তেমন উঠে আসেনি। চালকেরা যেসব কথা বলেছেন, তা বেশির ভাগই ছিল পরামর্শ।

শুনানিতে চালক আব্দুর রশিদ বলেন, লিখিত পরীক্ষা অনেক কঠিন হয়। বিআরটিএ কর্তৃপক্ষকে তিনি প্রশ্ন সহজ করার অনুরোধ করেন। মাহবুব আলম নামের একজন চালক বলেন, লাইসেন্স নবায়ন করতে এলে কমপক্ষে পাঁচ দিন লেগে যায়। সময়টা আরো কমিয়ে আনা প্রয়োজন।

গণশুনানি নিয়ে বিআরটিএ ঢাকা বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) শফিকুজ্জামান ভূঁইয়া বলেন, ‘সকালে পরীক্ষার কারণে বিকেলে শুনানি করা হয়েছে। পরীক্ষার সময় কাউকে ডেকে গণশুনানিতে বসানো যাবে না। মুজিববর্ষ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের ব্যস্ততা থাকার পরেও গণশুনানির বাধ্যবাধকতা থাকায় এটি করা হয়েছে বলে তিনি জানান।