‘অসমাপ্ত আত্মজীবনী’ নিয়ে সেমিনার

বঙ্গবন্ধুকে যথার্থ সম্মান জানাতে তার জীবনধারা অনুসরণের আহ্বান

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০০:২৯

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ছিলেন। তিনি ছিলেন পৃথিবীর বিখ্যাত কূটনীতিক। বঙ্গবন্ধু স্বাধীনতা লাভের মাত্র দুই মাসের মধ্যে বিদেশি সৈন্যদের দেশে পাঠাতে সক্ষম হয়েছিলেন। পৃথিবীতে খুব কমসংখ্যক দেশ বাংলাদেশের মতো এত কম সময়ে অধিকসংখ্যক দেশের স্বীকৃতি পেয়েছিল। এটা সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্বের কারণে।

গতকাল রবিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী :একটি পর্যালোচনা’বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, বাঙালি ভাগ্যবান জাতি। কারণ বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতাকে তারা পেয়েছিল। অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, যদি বঙ্গবন্ধুকে যথার্থ সম্মান জানাতে চান, তাহলে তার জীবনধারা অনুসরণ করুন। বিআইআইএসএসের চেয়ারম্যান এম ফজলুল করিম বলেন, ‘বিশেষ এক দিন নয়, আমাদের জীবনে প্রতিদিন বঙ্গবন্ধুকে স্মরণ করতে হবে।’ সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, বাঙালি প্রতিরোধ শিখেছিল বঙ্গবন্ধুর কাছ থেকে।

সেমিনারে আরো বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, বিসের মহাপরিচালক মেজর জেনারেল এমদাদুল বারী প্রমুখ।