আওয়ামী লীগ করোনা ভাইরাসে আক্রান্ত :নজরুল

আপডেট : ১৬ মার্চ ২০২০, ০০:২৯

 ‘বিএনপি করোনা ভাইরাসে আক্রান্ত’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোটের মুখপাত্র নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি ভাইরাসে আক্রান্ত না। আওয়ামী লীগ করোনা ভাইরাসে আক্রান্ত। আপনাদের যুব সংগঠন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের নেতৃত্ব পরিবর্তন করেছেন। সম্প্রতি যুব মহিলা লীগ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আয়োজনে ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশনেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করে। বিএনপি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করে না। আমরা একটি রাজনৈতিক দল হিসেবে এই বিষয়ে মতামত অবশ্যই ব্যক্ত করতে চাই যে, করোনা ভাইরাস নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি নেই।

জাগপা একাংশের সভাপতি খন্দকার লুত্ফর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।