ত্রিশালে অর্থনৈতিক অঞ্চল করবে হামিদ গ্রুপ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবে হামিদ গ্রুপ। এজন্য প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। গতকাল বুধবার রাজধানীর বেজা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এই লাইসেন্স প্রদান করা হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী হামিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাবুল হামিদের নিকট এই লাইসেন্স হস্তান্তর করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পাশে প্রাথমিকভাবে ১৫৩ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলা হবে। ১ হাজার ৩৪৪ কোটি টাকা বিনিয়োগে স্থাপিত এ অঞ্চলে ৬৭টি শিল্প প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। অঞ্চলটিতে তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ এলাকা, লাইট ইঞ্জিনিয়ারিং, আসবাবপত্র, কসমেটিক্স, কেমিক্যাল, সিরামিক পণ্য, প্লাস্টিক, চামড়াজাত জুতা তৈরির কারখানা স্থাপন করা হবে। ঢাকা থেকে অর্থনৈতিক অঞ্চলটির দূরত্ব ৭৬ কি.মি., আখাউড়া ও হিলি স্থলবন্দর থেকে এর দূরত্ব ৭৬ কি.মি.। ময়মনসিংহ রেল স্টেশন থেকে মাত্র ৩০ কি.মি. দূরে এ জোনে প্রায় ৩৮ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন ইন্তেখাবুল হামিদ। এসময় আরও জানানো হয়, পর্যায়ক্রমে অর্থনৈতিক অঞ্চলটির আয়তন ৩০০ একরে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সম্পূর্ণ জোনের বিনিয়োগ আড়াই হাজার কোটি টাকায় উন্নীত হবে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে জোনের উন্নয়ন কাজ শুরু হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, ইতোমধ্যে ৭টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল উত্পাদনে চলে এসেছে। আরও দশটিকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স দেওয়া হয়েছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের জন্য ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। বেজার আওতায় একটি ভূমি ব্যাংক স্থাপন করা হয়েছে যেখান থেকে বিনিয়োগকারীরা সহজে তাদের পছন্দ অনুযায়ী ইজেড স্থাপনের জন্য জমি নিতে পারছেন। সরকারি অর্থনৈতিক অঞ্চল সমূহে ইউনিট ইনভেস্টরদের জন্য পানি, গ্যাস এবং বিদ্যুত্সহ সকল ইউটিলিটি সুবিধা সমূহ প্রদানে বিভিন্ন সরকারি সংস্থার কাজ এগিয়ে চলেছে। আমরা শতভাগ মানে উন্নীত হওয়ার পরেই চূড়ান্ত লাইসেন্স দেবো।