নাসির আহমেদ
মার্চের শুনেছি মুক্তির গান চিনেছি নতুন পথ
মার্চে বাঙালি ঐক্যবদ্ধ প্রথম নিজেকে পাওয়া
মার্চে জেনেছি আমি যে বাঙালি কত অধিকারহারা
মার্চের কাছে দীক্ষা পেয়েছি স্বাধিকার-স্বাধীনতা।
মার্চে পৃথিবী পেয়েছে প্রথম টুঙ্গিপাড়ার খোকা
মার্চে বাঙালি আনন্দে জাগে এসেছে নতুন শিশু
শোষিত পৃথিবী পেয়েছে তাদের আগামীর কান্ডারী
মার্চের কাছে পেয়েছি সাহস যুদ্ধের পথে যেতে।
মার্চের শিশু বদলে দিয়েছে বাঙালির ইতিহাস
বায়ান্ন থেকে রক্তের পথে কেড়ে নিতে অধিকার
প্রেরণা দিয়েছে একজন খোকা মুক্তির পথে যেতে
মার্চের ঠিক প্রথম দিনেই বদলে গিয়েছে সব।
অসহযোগের পথ ধরে ধরে এসেছে সাতই মার্চ
রেসকোর্স মাঠে গর্জে ওঠেন মহামুক্তির দূত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বয়ং সূর্যশিখা
তৃষিত বাঙালি বহুকাল পর পেল বৃষ্টির ধারা।
মার্চের কাছে গচ্ছিত আছে আমাদের গৌরব
মার্চের কাছে গণহত্যার মহা শোকগাথা জমা
বঙ্গবন্ধু মার্চে শোনান: প্রতিরোধ আজ থেকে
ছাব্বিশে মার্চ যুদ্ধ ঘোষণা, স্বাধীন বাংলাদেশ।
মার্চে পেয়েছি তোমাকে হে পিতা, মার্চেই স্বাধীনতা
রক্তের বানে ভেসে যাওয়া মার্চ মুক্তির সে াতোধারা
তাই স্বাধীনতা আর মুজিবুর অভিন্ন চিরকাল
মার্চের জয় জয়ন্তী গায় বঙ্গপ্রকৃতি আজ।
চিরশত্রুর মুখোমুখি মার্চ সাহসের দ্বৈরথ
মার্চ দেখিয়েছে মার্চই দেখাবে চির বিজয়ের পথ।
