বঙ্গপিতা

আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৯:২১

ফরিদ আহমদ দুলাল

 

নেতা এবং পিতা তিনি বিশাল হূদয়-মন

জয় করেছেন বাংলা এবং বিশ্বের অঙ্গন,

বাংলা মায়ের সন্তান তাঁর প্রাণের চেয়ে প্রিয়

পথের মানুষ পেয়েছে তাঁর গায়ের উত্তরীয়

সবার কথা কইতে জীবন কেটে গেল জেলে

উদার-জমিন হূদয় এমন হাজার বর্ষে মেলে

শিশুর মতো মন ছিল তাঁর বজ্রকঠিন পণ

মুক্ত-স্বাধীন বঙ্গভূমি স্বপ্ন আমরণ।

 

তর্জনীতে স্বপ্ন জাগে দীপ্ত আহ্বানে

বজ্রকণ্ঠ গর্জে ওঠে রেসকোর্স ময়দানে

আহ্বান তাঁর ছড়িয়ে যায় গঞ্জ থেকে গ্রামে

যুদ্ধে মাতে বৃদ্ধ-যুবা শেখ মুজিবের নামে;

‘খোকা’ থেকে ‘বঙ্গবন্ধু’ ছুঁলেন সাত আসমান

তাঁরই নামে শীর্ষতে আজ বাংলার সম্মান।