সূর্যগরিমায় গরীয়ান, মহীয়ান বঙ্গবন্ধু

আপডেট : ১৬ মার্চ ২০২০, ১৯:২১

গাউসুর রহমান

 

সূর্যগরিমায় গরীয়ান এক মহীয়ান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;

বীরত্বে, আত্মপ্রত্যয়ে, সৌন্দর্যে

জাতিসত্তার অবয়ব নির্মাণের সংশ্লেষণে

মহাপ্রাণতায়, অন্তহীন সহিষ্ণুতায়

স্বাপ্নিক মানবিক বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের

মহান কারিগর জাতির জনক বঙ্গবন্ধু।

বেঁচে থাকলে হতেন শতায়ু—

জৈবিক কার্যক্রম পঁচাত্তরের পনেরো আগস্ট

থেমে গেলেও তার আদর্শের ধারাপাত মুখস্থ করেই

আমাদের নিত্যদিনের পথচলা।

অজেয়, অমর বঙ্গবন্ধু অন্ধকারের মুখেও

হরেক রঙের আলোয় ঝিলমিল তিনি,

দেশ-জাতি-সমাজ-সময়ের শুভ অনুব্যায়ী

বঙ্গবন্ধু আমাদের প্রাণের নিকেতন।

পাকিস্তানি শাসকচক্রের শোষণের চক্রে

শুভ প্রাণনায় প্রাণের অ্যাটম আগুন বঙ্গবন্ধু,

ধ্বংসস্তূপে সৃষ্টির নির্ঝর তিনি—

রোদ ঝিকমিক আলো যিনি।