মুজিববর্ষ প্রসঙ্গে তারকা বচন

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:০৮

দৈহিকভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু আজও তিনি মানুষের মনে চিরজাগ্রত। তিনি মরেননি, বেঁচে আছেন সবার অন্তরে। আজ বঙ্গবন্ধুর জন্মদিন। এবার জন্মশতবার্ষিকী পালিত হবে অন্যরকমভাবে, বিষয়টি যেমন আনন্দের একইভাবে প্রেরণারও। আর বছরজুড়ে তার জন্মদিবস পালিত হবে, এটিও ভালোলাগার। যে মানুষটি স্বাধীনতার পক্ষে কাজ করে দেশকে স্বাধীন করে গেছেন তিনি সবসময় স্মরণীয় থাকবেন এটি অস্বাভাবিক কিছু নয়। আমি মনে করি বঙ্গবন্ধুকে দলমত নির্বিশেষে সবারই সম্মান করা উচিত।

তিনি কোনো দলের নন, তিনি বাংলাদেশের। আমি সংগীতের মানুষ, সংগীতের মধ্যেই তাকে স্মরণে রাখার মতো লিখেছি। তাকে নিয়ে এ পর্যন্ত ডজনখানেক গান লেখা হয়ে গেছে। এগুলো বিভিন্ন শিল্পীর কণ্ঠে ধারণ হবে। তবে একটি প্রত্যাশা থাকবে বঙ্গবন্ধু যা চেয়েছিলেন সেটিই যেন তার জন্মশতবার্ষিকী উপলক্ষে সঠিকভাবে মূল্যায়িত এবং প্রতিষ্ঠিত হয়।

 

—গাজী মাজহারুল আনোয়ার

     গীতিকার ও চলচ্চিত্রকার

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ থেকে শুরু হচ্ছে। এ এক অন্যরকম উত্সব। এ জন্য একজন মুক্তিযোদ্ধা, একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং একজন সংগীতশিল্পী—আমার এ তিন সত্তা খুবই আনন্দিত। আমি বঙ্গবন্ধুকে নিয়ে এ পর্যন্ত ২১টি গান করেছি। এটি আমার ভালোলাগা থেকে। আমি জন্মশতবার্ষিকীর নানা আয়োজনের সঙ্গে জড়িত আছি। নিজ দায়িত্ব থেকে কাজ করছি। এ জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার প্রত্যাশা অনেক। তবে যেটি না বললেই নয়, বঙ্গবন্ধু সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তিনি সব মানুষের। আমাদেরও একইভাবে মানুষের জন্য কাজ করতে হবে। সব শ্রেণির মানুষ তাদের নির্দিষ্ট অবস্থান থেকে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবেন, এটিই কামনা করি।