দেশের সকল সিনেমা হল বন্ধ ঘোষণা

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:০৯

বিনোদন রিপোর্ট

 

করোনা ভাইরাসের আতঙ্কে বিশ্বের প্রায় সব সিনেমা হল বন্ধ হতে যাচ্ছে। এবার দেশের সিনেমা হলগুলোও বন্ধ হতে যাচ্ছে। আগামীকাল থেকে ২ এপ্রিল পর্যন্ত সিনেমা হলগুলো বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে এক বৈঠক শেষে দেশের সব সিনেমা হল বন্ধের ঘোষণা দেয় প্রদর্শক সমিতি ও প্রযোজক সমিতি।

হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদের বলেন, ‘করোনার কারণে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা হলে দর্শকরা যাচ্ছে না। বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে জনসমাগম বেশি হয়। এছাড়া অন্যান্য হল ফাঁকাই থাকে। তারপরও করোনা আতঙ্কে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন বলেন, ‘করোনা থেকে বাঁচতে আমাদের সচেতনতা সবার আগে প্রয়োজন। সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমার ব্যক্তিগত মতামত হলো এই সময় সিনেমা হলও বন্ধ রাখা প্রয়োজন। জনসমাগম যেখানেই হবে সেটাই বন্ধ করা উচিত। পৃথিবীর বিভিন্ন দেশে এরইমধ্যে সিনেমাহল বন্ধ করা হয়েছে। বাংলাদেশের হলগুলোও আপাতত বন্ধ হচ্ছে। এই সময়ে কেউ সিনেমা দেখতে আসবে না। শুধু শুধু হল চালু রাখার কোনো কারণ দেখি না।’

প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ পর্যন্ত সব সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের সকল কোচিং সেন্টার।