সেদিন ছিল চৈত্রের এক বিস্ময়াভিভূত বিকেল
সতেরোই মার্চ উনিশ শ’ কুড়ি
সূর্য যখন আকাশতলে ডুবেছিল মাত্র
দিগন্তে যখন অকস্মাত্ জ্বলে উঠেছিল সোনালি হরিদ্রাভ রং
তৃণভূমির ওপর দিয়ে যখন অস্তগামী সূর্য অবলীলায়
দান করেছিল বৃক্ষলতার অমরাবতী-রূপ
আকাশ থেকে তখন অস্ফুটে ঝরছিল সোনাঝরা আলো
তারাদের দল আয়োজনে ব্যস্ত ছিল মিটিমিটি হাসতে।
মলয় বাতাসের দল বয়ে যাচ্ছিল শান্ত-বিভবে
এক শ্বেতবিহগ খোশ মেজাজে ফিরে এসেছিল তার শান্তির নীড়ে
তৃণদলে ঝরেপড়া বিকেলের এক ফোঁটা শিশিরে গলা ভিজিয়ে
চারদিকে চকিতে চোখ বুলিয়ে
মখমল কোমল মাথাটিকে দুলিয়ে দুলিয়ে
সে ফিসফিস শব্দ তোলে বাতাসে—
আমি শুনেছি এক অধিপতি আজ আসছেন এ ধরায়
আমি দিন গুনি তাঁর জন্য।
নৈঃশব্দের নিনাদের মাঝে ঘুরপাক খায় সেই ফিসফিসানি—
রাজাধিরাজ আসছেন আজ, আমি প্রহর গুনি তাঁর জন্য।
আকাশজুড়ে ধায় বেগে অমল ধবল মেঘ
যায় বয়ে যায় একে একে
বাইগার আর মধুমতীর জল বইছিল শান্ত সমাধিত ধারায়।
সেদিনের সন্ধ্যালোকে যেন স্পন্দিত হচ্ছিল অগুনতি হূদয়
দখিনা বাতাস বইছিল অপার আনন্দে
বিশ্ব চরাচরজুড়ে ছিল এক অব্যক্তেয় উচ্ছ্বাস
আর অপূর্ব আনন্দলোকের
দিকে দিকে ছড়িয়ে পড়ছিল এক অপার্থিব সুর
রূপালি চাঁদ আর রৌপ্যবত্ বালুরাশির মধ্যে যেন ঝংকৃত হচ্ছিল
অনাদি এক সংগীতায়োজন
আনন্দের এক অনুচ্চ ফল্গুধারা যেন দোল খাচ্ছিল মৃদুমন্দ হাওয়ায়।
আর এভাবেই ত্রিলোকজুড়ে যেন ছড়িয়ে পড়ছিল
এক আশা জাগানিয়া ফিসফিসানি—
রাজাধিরাজ আসছেন আজ।
অতঃপর এলো রাত
টলটলে জলের মতো স্বচ্ছ সেই গ্রীষ্মের রাত
খেয়ালি হাওয়া হয়ে ওঠে উচ্ছল আর আনন্দ-চঞ্চল
অসংখ্য রহস্যভরা নক্ষত্ররাজি আরো উজ্জ্বল হয়ে ওঠে
আর সেসবের মাঝে এক অপূর্ব আভাসের স্রোত বয়ে যায় বাতাসে
আসছেন এক ত্রাতা—যাঁর ছোঁয়ায় জেগে উঠবে এক নীরব ব-দ্বীপ।
অবশেষে তিনি এলেন, জন্ম হলো এক নতুন যুগের
টুঙ্গিপাড়ার ছোট্ট কুটির হতে তিনি আবির্ভূত হলেন
তিনি এলেন লীন হাতে নিয়ে লাল-সবুজ পতাকা
তিনি এলেন অব্যক্ত ওষ্ঠে নিয়ে স্লোগান
তিনি এলেন মুঠোবদ্ধ হাতে নিয়ে কবিতা
প্রভাদীপ্ত বসুমতি হেসে ওঠে অপূর্ব উচ্ছ্বাসে।
A Leader Was Born কবিতার অনুবাদ : তাপস কুমার দত্ত
বরেন চক্রবর্তীর কাব্য A Nation Confesses (অবসর, ২০১৪) থেকে
