বই

মায়াবী দৌলত

আপডেট : ১৬ মার্চ ২০২০, ২০:১৩

মোজাম্মেল হক নিয়োগী

নালন্দা

প্রচ্ছদ: মামুন হোসাইন। মূল্য: ৩০০ টাকা

 

দেলু মিয়া বংশ পরম্পরায় একজন কুখ্যাত চোর। একরাতে চুরি করতে গিয়ে অন্যান্য কাপড়ের সঙ্গে একটি মুজিবকোটও পায়। কোটটি ছিল অযত্নে—কটুগন্ধযুক্ত, কুঁচকানো...এই অবস্থায় সে তখনই ৫৭০ সাবান দিয়ে ধুয়ে আনে এবং শুকিয়ে কাঠকয়লায় মগের তলা গরম করে ইস্ত্রি করে রেখে দেয়। এই কোট পাওয়ার পর তার মনের ভেতরে নানা রকম পরিবর্তন ঘটতে থাকে এবং কোনো একজন মানুষকে উপহার দেওয়ার জন্য সে ব্যাকুল হয়ে পড়ে। কিন্তু কেউই মুজিবকোট গ্রহণ করে না। চেনাজানা মানুষের মুখোশ উন্মোচিত হতে থাকে এই কোটের দ্বারা। কোটটি যেন হয়ে দাঁড়ায় লিটমাস পেপার, যে পেপার দিয়ে মুজিবপ্রেমিককে যাচাই করতে শুরু করে দেলু। এদিকে থানায়ও খবর পৌঁছে গেছে দেলুর কাছে মুজিবকোট আছে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবকোটটি পুড়িয়ে দিতে বললেও সে পোড়ায় না।

দেলু বদলে যায়। গ্রাম থেকে তাকে উচ্ছেদ করা হয়। ঢাকা শহরে এসে সে চুরি করা ছেড়ে দিয়ে মানুষের জীবন যাপন শুরু করে আর তার স্বপ্নের লালিত একজন আদর্শ মানুষ তৈরি করতে প্রয়াসী হয়। ঘটতে থাকে নানা ঘটনা। এক যুগ দেলু কোটটিকে আগলে রাখে পরম আদরে এবং এক যুগ পর সে একজন যোগ্য মানুষ পায়, যাকে কোটটি পরিয়ে দিয়ে দেলু বলে, ‘এই কোটের ইজ্জত তুই রাখবি, এর সরমান তুই রাখবি।’