করোনা ভাইরাস
আতঙ্ক
স্পোর্টস রিপোর্টার
১ এপ্রিলে পাকিস্তানে ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। সেই সঙ্গে ৫ তারিখ থেকে করাচিতে শুরু হওয়ার কথা ছিল তিন ভাগে বিভক্ত সফরের শেষ ম্যাচ, দ্বিতীয় টেস্ট। কিন্তু বিশ্বব্যাপী বাড়তে থাকা করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এই দুটি ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। এ খেলা দুটির সূচি পরে দুই বোর্ড আলোচনা করে ঠিক করবে।
পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতার মধ্যেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ অবস্থায় বিসিবিই অনুরোধ করেছিল সফরটা স্থগিত করার জন্য। পিসিবি সেই অনুরোধে সাড়া দিয়েছে।
গতকাল এ জন্য পিসিবিকে ধন্যবাদ দিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘এটা তো এখন একটা বৈশ্বিক সংকট। এ অবস্থায় জনস্বাস্থ্য ও খেলোয়াড়দের সুস্থতা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই আমরা পিসিবিকে অনুরোধ করেছিলাম। তাদের ধন্যবাদ জানাই যে, তারা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সফরটি স্থগিত করতে রাজি হয়েছে। আমরা দুই বোর্ড পারস্পরিক আলোচনা করে এ খেলাগুলোর পরবর্তী সময়সূচি নির্ধারণ করব।’
তৃতীয় দফার সফরে এ মাসের শেষে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের; ২৯ মার্চ তাদের পৌঁছানোর কথা ছিল। দুই দিন পর করাচিতে খেলার কথা ছিল একটি ওয়ানডে। আর ৫ থেকে ৯ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল একটি টেস্ট। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই দফার সফরে তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ। এই দুই সফরে সবগুলো ম্যাচই বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল।
এ সফরে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব শুরু করার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু এই ঘোষণা আসার ফলে তাকে অধিনায়কত্ব অভিষেকের জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে।
বাংলাদেশের সফর স্থগিত করার পাশাপাশি পাকিস্তান তাদের ঘরোয়া ওয়ানডে কাপ টুর্নামেন্টও স্থগিত করেছে।
